নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল থেকে বের হয়ে এক প্রতিক্রিয়ায় আইভী সরকারকে ধন্যবাদ জানান এবং কারাগারে থাকা অন্যান্য নিরপরাধ মায়েদের মুক্তি কামনা করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বুধবার রাত ১০টা ৮ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় তার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ জানান, হাইকোর্ট ও নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় তার মুক্তিতে কোনো বাধা ছিল না। এর আগে ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন তিনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার মুক্তির সময় কারাগারের ফটকে আইনজীবী ও স্বজনেরা উপস্থিত ছিলেন।
কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি অন্য নিরপরাধ মায়েদেরও মুক্তি কামনা করেন।

0 Comments