বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সক্রিয় সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (১৫ জুন) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। সরকারি তথ্য বিবরণীর বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে মন্ত্রী বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ত্রাণ তৎপরতা এবং পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে অভিহিত করেন।
রাষ্ট্রদূত মাইকেল মিলার ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, আধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং রেসকিউ সেন্টার নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কারিগরি ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান নির্বাচিত সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও নিবিড় হবে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইইউ।


0 Comments