চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরের চকবাজার এলাকার ডিসি রোডের বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুরাদপুর কনভেনশন হলের সামনে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান পেছন থেকে স্কুটিকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। পথচারী শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
চট্টগ্রামের শুলকবহরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্কুটি আরোহী এক দম্পতি। মুরাদপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার।


0 Comments