গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশের ওপর উসকানিমূলক হুমকির অভিযোগে গত দুই দিনে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত রোববার ৪ জন এবং সোমবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ৩০ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে হুমকির অভিযোগে বাসন, টঙ্গী, গাছা, পূবাইল, কোনাবাড়ী ও সদর থানাসহ বিভিন্ন এলাকায় এই সমন্বয় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাসন এলাকা থেকে মোক্তার হোসেন, মোখলেছ ও জিন্নাত আলীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পূবাহ ইসলাম সুমন ও নাছির; পূবাইল থেকে মাহফুজ দেওয়ান ও মাসুদুর রহমান এবং গাছা এলাকা থেকে ওমর ফারুক খান, শহিদুল ইসলাম ও মাহফুজুর হক হিমেলসহ আটজনকে আটক করা হয়েছে।
একই অভিযানে টঙ্গী পূর্ব এলাকা থেকে ফখরুল হোসেন মিলন ও আবু সিদ্দিক; কোনাবাড়ী থেকে নাসির উদ্দিন মোল্লা ও সাব্বির হোসেন এবং কাশিমপুর এলাকা থেকে শাফিম আহম্মেদ ও খোকন মিয়াসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। সদর থানা এলাকা থেকেও শাকিল হোসেন ও মিজানুর রহমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে আরও চার যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, মহানগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরে পুলিশের ওপর হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


0 Comments