কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর দুই শিশু হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মজিদ ওরফে বদাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ প্রায় এক দশক আত্মগোপনে থাকার পর সোমবার (২২ জুন) সকালে রামু থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তিনি ধরা পড়েন। গ্রেফতারকৃত আব্দুল মজিদ রামুর গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার হাজী জাকের আহমদ সওদাগরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বড়বিল এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সকাল ১১টার দিকে সেখান থেকেই তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামুর বড়বিল এলাকায় খেলার সময় নিখোঁজ হয় মো. ফোরকান ওরফে মিন্টুর দুই ছেলে মোহাম্মদ হাসান (১১) ও মো. হোসেন (৮)। পরবর্তীতে তাদের অপহরণ ও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হলে পুরো রামুতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই মজিদ পলাতক ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিকে, দীর্ঘ সময় পর এই আসামির গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই মামলার অন্যান্য অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রামুর আলোচিত দুই শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ১০ বছর আত্মগোপনে থাকার পর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


0 Comments