মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি বিশেষ ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আবহ সংগীত হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়েছে। কোক স্টুডিওর এই গানটি নতুন করে আলোচনায় আসায় নিজের অনুভূতি ব্যক্ত করেছেন শিল্পী।
হাবিব ওয়াহিদ জানান, সকালে ঘুম থেকে ওঠার পর পরিচিতদের পাঠানো লিংকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। দুই দেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান শুনে তিনি অবাক ও অনুপ্রাণিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের ভিডিওতে নিজের গান যুক্ত হওয়াকে তিনি বড় সম্মান ও সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন।
শিল্পী আরও জানান, এই বিষয়ে আগে থেকে তিনি কিছুই জানতেন না এবং কেউ তার সাথে যোগাযোগও করেনি। হঠাৎ ভিডিওটি দেখে তিনি বিস্মিত হয়েছেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপক ভাইরাল হলেও হাবিব ওয়াহিদ জানান, তিনি মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন না। কাজের প্রতি মনোযোগ ঠিক রাখতে এবং সময় অপচয় রোধে তিনি কেবল ল্যাপটপ বা ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন। বর্তমানে তিনি তার নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে হাবিব ওয়াহিদের গান ব্যবহার করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পেজে প্রকাশিত এই ভিডিওতে নিজের গান শুনে আপ্লুত ও সম্মানিত বোধ করছেন জনপ্রিয় এই শিল্পী।


0 Comments