ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো যান ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও অনলাইন শপিংয়ের মতো জরুরি সেবাগুলো এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং নারী শিক্ষার্থীদের যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খেলা দেখার জন্য বহিরাগতদের ভিড় বেড়ে যাওয়ায় বিশেষ করে বড় ম্যাচগুলোর সময় কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা হবে। শাহবাগ, নীলক্ষেত, পলাশী মোড়, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও ফুলার রোডসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে এই নজরদারি চলবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে।
ফুটবল বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।


0 Comments