জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল–শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে এসপোসিতো ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজও আদায় করেছেন। তুর্কি আল-শেখ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন।
৬৮ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে অ্যাকশনধর্মী সিনেমা ‘৭ ডগজ’–এর শুটিংয়ের কাজে সৌদি আরবে অবস্থান করছেন। এই সিনেমায় মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজসহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা অভিনয় করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে সেখানকার মুসলিম সম্প্রদায়ের আতিথেয়তা ও সংস্কৃতি এসপোসিতোর ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুটিংয়ের অভিজ্ঞতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন।
ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি নির্মাতা স্পাইক লির বেশ কিছু বিখ্যাত সিনেমায় অভিনয় করেন। তবে বিশ্বজুড়ে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিঞ্জ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি ‘বেটার কল সল’, ‘দ্য ম্যানডালোরিয়ান’ ও ‘দ্য বয়েজ’–এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন।
সৌদি আরবে সিনেমার শুটিং চলাকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো। ব্রেকিং ব্যাড খ্যাত এই অভিনেতার ইসলাম গ্রহণের খবরটি নিশ্চিত করেছেন তুর্কি আল–শেখ।


0 Comments