সারা দেশে মৌসুমি বায়ু ছড়িয়ে পড়ায় দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করলেও এখনই টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ বিকেলের পর বা সন্ধ্যার দিকে রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত কয়েক দিনের আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, জুন মাসের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহ থাকলেও বর্তমানে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায় ৭২ মিলিমিটার। এছাড়া রংপুর বিভাগের রাজারহাটে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাজধানীতেও সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতেও সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেনে নিন বিস্তারিত।


0 Comments