দুই দিনের মালয়েশিয়া সফর সমাপ্ত করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখান থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন। দালিয়ানে দুই দিনের ব্যস্ততা শেষে প্রধানমন্ত্রী রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানেই তাঁর সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
সফরকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’ উদযাপনের এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে এই সফর ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক একান্ত বৈঠকে মিলিত হন। ওই সফরে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হয়। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন। সেখানে তিনি সামার দাভোস ফোরামে যোগ দেবেন এবং পরে বেইজিংয়ে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।


0 Comments