মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি মাদকবিরোধী র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়, যেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরবর্তীতে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আঃ মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। জেলায় মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কাজ চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪ বিজিবি-উখিয়ার অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির। এছাড়াও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী সভায় বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কক্সবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে সমন্বিত সামাজিক আন্দোলনের ডাক দেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


0 Comments