সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনার পর পারমাণবিক ইস্যু নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যে, ইরান তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যদিও এই পরিস্থিতির মধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, দীর্ঘ সময় পর ইরান অস্ত্র ও পরমাণু পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। ভ্যান্সের মতে, এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো একটি ভিত্তি তৈরি করেছে, যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি।
আগামী কয়েক দিন দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানা গেছে। আলোচনার ধারাবাহিক অগ্রগতি বজায় রাখতে উভয় পক্ষই তাদের প্রতিনিধি দলের অনেক সদস্যকে সুইজারল্যান্ডে রেখে দিয়েছে। কারিগরি পর্যায়ের এই আলোচনায় সন্তোষ প্রকাশ করে জেডি ভ্যান্স জানান, তারা ধারাবাহিকভাবে সাফল্যের দিকে এগোচ্ছেন।
এদিকে আলোচনার ইতিবাচক প্রেক্ষাপটে ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা আগামী ২১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ইরান তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করার সুযোগ পাবে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় পারমাণবিক পরিদর্শক নিয়ে পাল্টাপাল্টি দাবি উঠেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি তেহরান প্রত্যাখ্যান করলেও তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন।


0 Comments