ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোমবার জয়পুরের শহীদ স্মারকে আয়োজিত এই সমাবেশে তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারা হয়। ভারতের জেন-জি প্রজন্মের এই তরুণ নেতার ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। বিক্ষোভ চলাকালে অভিজিৎ দিপকে যখন সমর্থকদের কাঁধে চড়ে স্লোগান দিচ্ছিলেন, তখন হঠাৎ এক ব্যক্তি তার গলার কাপড় ধরে টান দেন এবং আরেকজনসহ তাকে মারধর শুরু করেন। পরবর্তীতে দিপকের সমর্থকরা ওই দুই হামলাকারীকে প্রতিহত করেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিজিৎ দিপকে জানান, শারীরিক আক্রমণ মূলত ভয় ও কাপুরুষতার লক্ষণ। তিনি মহাত্মা গান্ধী ও আম্বেদকরের আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
রাজস্থান পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করে বিধায়কপুরী থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত হতে তদন্ত চলছে। উল্লেখ্য, শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৮০০ জনের অংশগ্রহণে এই সমাবেশের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ।
জয়পুরে বিক্ষোভ চলাকালে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে তাকে চড় মারা হয়। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

0 Comments