Recents in Beach

ব্রেকিং নিউজ

মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে ঝাড়ফুঁক: আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধ নুরুন্নবীর করুণ মৃত্যু

মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে ঝাড়ফুঁক: আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধ নুরুন্নবীর করুণ মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর কথা বলে ঝাড়ফুঁক করার সময় আগুনে দগ্ধ হয়ে নুরুন্নবী (৫৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত নুরুন্নবী মাতারবাড়ির তিতা মাঝির পাড়া এলাকার মৃত খলিলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ জুন রাতে অসুস্থ নুরুন্নবীকে ঝাড়ফুঁক করানোর জন্য স্থানীয় বৈদ্য মাওলানা বেলাল হোছাইনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলালের ভাই মোহাম্মদ হোসাইন ওরফে মাড্ডোও উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, ঝাড়ফুঁকের একপর্যায়ে আগুন ব্যবহারের সময় অসাবধানতাবশত নুরুন্নবীর শরীরে আগুন ধরে যায়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, আধুনিক চিকিৎসার যুগেও ঝাড়ফুঁক ও কুসংস্কারের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মাওলানা বেলাল হোছাইন ও তার ভাই মোহাম্মদ হোসাইনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
মহেশখালীর মাতারবাড়িতে জ্বিন তাড়ানোর নামে ঝাড়ফুঁক করার সময় আগুনে দগ্ধ হয়ে নুরুন্নবী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুসংস্কারের বলি হওয়া এই বৃদ্ধের মৃত্যুতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

Post a Comment

0 Comments