জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জয়পুরহাটে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল ও ডাঃ আব্দুল্লাহ আল আহসান। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন রবিবার সকাল ৮টা থেকে জেলার ৩২টি ইউনিয়নের ৭৬৮টি কেন্দ্র, ৫টি উপজেলার ৫টি অতিরিক্ত কেন্দ্র এবং পৌর এলাকার ৫২টিসহ সর্বমোট ৮২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় মোট ১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল প্রদান করা হবে। উল্লেখ্য, বিগত ক্যাম্পেইনে জেলায় ভিটামিন প্রাপ্তির হার ছিল অত্যন্ত আশাব্যঞ্জক, যেখানে ৬ থেকে ১১ মাস বয়সীদের ক্ষেত্রে ৯৮.৯৯ শতাংশ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের ক্ষেত্রে ৯৯.৩০ শতাংশ সাফল্য অর্জিত হয়েছিল।
জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন জেলার ৮২৫টি কেন্দ্রে এই কর্মসূচি পালিত হবে।


0 Comments