বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, বর্তমানে শ্রমিকের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে একটি বিশেষ গোষ্ঠী চাঁদাবাজি চালাচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনো ধরনের চাঁদাবাজি বা অন্যায়ের সঙ্গে জড়িত নয় এবং কাউকে জুলুম করতে দেওয়া হবে না। শুক্রবার ৫ জুন দুপুরে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমিতে জেলা শাখা আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। বিটিভির মতো প্রতিষ্ঠানের জন্য বড় বরাদ্দ থাকলেও শ্রমিকরা অবহেলিত। তিনি আরও বলেন, শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের চাকা সচল রাখলেও স্বাধীনতার পর কোনো সরকারই তাদের যথাযথ মূল্যায়ন করেনি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামান্য সুবিধা দিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হচ্ছে। সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম। সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিকের নামে চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির তীব্র সমালোচনা করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ের দাবি জানান।

0 Comments