যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তিনজন বিচারক। গত বছর তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি দাবি করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন কানাডার বিচারক কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন অ্যাডিলেড সোফি অ্যালাপিনি গানসু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিচারকদের অভিযোগ, তাদের ওপর বিচারবহির্ভূত চাপ প্রয়োগের মাধ্যমে নতিস্বীকারে বাধ্য করতে এবং শাস্তি দিতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা দাবি করেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের পরিপন্থি। কোনো প্রকৃত জাতীয় জরুরি অবস্থা বা অস্বাভাবিক হুমকির ভিত্তি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা অভিযোগে উল্লেখ করেন।
মূলত আফগানিস্তানে মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন আইসিসির বিচারকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এর ফলে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দসহ সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়।
নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব তুলে ধরে বিচারকরা জানান, বর্তমানে তারা ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংকিং সেবা গ্রহণ, আমাজন ও গুগলের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং স্বাস্থ্যবিমাসহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে বিচারাধীন বা ভবিষ্যতের কোনো মামলায় তথ্য-প্রমাণ ও যুক্তি উপস্থাপন করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার করে থাকে। ১২৫টি দেশ এর সদস্য হলেও যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েল এই আদালতের কর্তৃত্ব স্বীকার করে না।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক। গত বছর আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি দাবি করে ম্যানহাটনের আদালতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তারা। বিস্তারিত জানুন।


0 Comments