কক্সবাজারের পেকুয়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে হাছিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মগনামা এলাকায় নিজেকে ডিজিএফআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে তার গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী তার ওপর নজরদারি শুরু করেন। মঙ্গলবার তার পরিচয় ভুয়া নিশ্চিত হওয়ার পর চেয়ারম্যান তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, ওই নারী দীর্ঘ সময় ধরে নিজেকে ভুয়া পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন। সন্দেহ হওয়ার পর থেকে তিনি প্রমাণের অপেক্ষায় ছিলেন এবং আজ নিশ্চিত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিজিএফআই পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পেকুয়ায় ডিজিএফআই পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে হাছিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মগনামা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে।


0 Comments