ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে রিকশা শ্রমিক লীগের একটি ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি-ঝাটুরদীয়া আঞ্চলিক সড়কে এই মিছিলের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার খিলগাঁও পাতিলসাধুরবাড়ি এলাকার মৃত মরন বেপারির ছেলে বাবু বেপারি (৫৫), শরীয়তপুর জাজিরা এলাকার সিদ্দিক মাতুব্বরের ছেলে আলাউদ্দিন মাতুব্বর (৪০) এবং ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশামালের হাট এলাকার হোসেন মাঝির ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা এলাকার টিপু নামের এক আওয়ামী লীগ সমর্থক ঢাকা থেকে ২০-৩০ জন শ্রমজীবী মানুষকে ভাড়া করে এনে এই মিছিলের আয়োজন করেন। আড়ুয়াকান্দি ও ঝাটুরদিয়া গ্রামের আঞ্চলিক সড়কে তড়িঘড়ি করে মিছিলটি বের করা হলে স্থানীয়রা ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয়। এসময় অপরিচিত রাস্তা দিয়ে পালানোর সময় নগরকান্দা উপজেলার টহলরত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তিনজনকে ধরে ফেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রিকশা শ্রমিক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নগরকান্দার টিপু নামের এক ব্যক্তি তাদের ঢাকা প্রেসক্লাব এলাকা থেকে ৩০০ টাকা মজুরিতে ভাড়া করে এনেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আওয়ামী লীগের যেকোনো ধরনের তৎপরতা রুখতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দিনভর বিভিন্ন সড়কে বিক্ষোভ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছেন। ওসি আরও জানান, ভাঙ্গা উপজেলার অন্য কোথাও কোনো ধরনের অপতৎপরতার ঘটনা ঘটেনি।
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল ও ছাত্রদল। ভাড়াটে শ্রমিক দিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।


0 Comments