২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট হিসেবে বর্ণনা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ কঠিন পরিস্থিতি মোকাবিলায় সরকার বাজেটে বিশাল প্রতিশ্রুতি দিলেও রাজস্বের ভিত্তি অত্যন্ত দুর্বল। তিনি এই বাজেটকে বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতের জন্য উচ্চাভিলাষী হিসেবে অভিহিত করলেও এর বাস্তবায়ন পরিকল্পনায় অস্পষ্টতা রয়েছে বলে উল্লেখ করেন।
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, বাজেটের প্রধান দুর্বলতা হলো রাজস্ব আহরণের অনিশ্চয়তা এবং বড় ধরনের ঘাটতি। তবে সার্বিক বিবেচনায় এই বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে, যা বাস্তবায়নে সরকারের স্বচ্ছতা ও দক্ষতা প্রয়োজন। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বাজেট বাস্তবায়নে শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং সুশাসন, আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম এবং জহিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভর বলে মন্তব্য করেছেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি একে উচ্চাভিলাষী বললেও বাস্তবায়নকে এক কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন।

0 Comments