পাবনার চাটমোহরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার হরিপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বাবলুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবলুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে হরিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী এক সভা চলাকালে সিরাজুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে বাবলু গ্রুপের ৫ জন এবং সিরাজ গ্রুপের ৩ জন আহত হন। আহতদের চাটমোহর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বাবলুর রহমান অভিযোগ করেন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে সভা করার সময় সিরাজুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং এটি স্থানীয় পূর্ব বিরোধের জেরে ঘটে থাকতে পারে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সাথে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। হরিপুর বাজারে মাদকবিরোধী সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


0 Comments