দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতাদের বরণ করে নিতে সোমবার (৪ মে) কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা। বরণ অনুষ্ঠান শেষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিলে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কক্সবাজার জেলা শাখার ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাঈদ আনোয়ার দায়িত্ব পান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান। নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, দল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। কক্সবাজার জেলা ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার জানান, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় তৃণমূলের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা সংগঠনকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে। তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে ইতিবাচক পরিবর্তন ও গতিশীলতা ফিরে আসবে।
দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটিকে বরণ করে নিতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিশাল শোডাউনের মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে রাজপথে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

0 Comments