আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী নতুন সংগঠন বেঙ্গল পিস ফাউন্ডেশন। শুক্রবার ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী এবং ‘ওয়াক ফর বায়োডাইভারসিটি’ শিরোনামে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে সাতটায় রমনা পার্ক থেকে শুরু হওয়া পদযাত্রাটি মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিকেল চারটায় টিএসসির সঞ্জীব চৌধুরী চত্বরে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের তোলা ১০০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এই কর্মসূচির সহ-আয়োজক ছিল ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)।
আয়োজনে উপস্থিত লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান বলেন, গাছ নিধন ও বন্যপ্রাণী শিকারের মতো ঘটনাগুলো পৃথিবীকে এক ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় মানুষকে উৎসাহিত করবে।
সংগঠনটির নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান জানান, সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। কিছু মানুষের অসহিষ্ণু আচরণের কারণে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে তারা কাজ করছেন। অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধি, আলোকচিত্রী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে সচেতনতা বাড়াতে পদযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রমনা পার্কে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়।

0 Comments