নারায়ণগঞ্জের আলোচিত ও ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে অবশেষে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। বুধবার রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষটিকে চিড়িয়াখানার একটি নির্দিষ্ট শেডে রাখা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় খাবার ও দেখভালের সব ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে চিড়িয়াখানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপাতত মহিষটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে গত সোমবার বিকেলে মহিষটিকে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছিল। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লাল গালিচা সংবর্ধনা ও রঙিন ধোঁয়ার মাধ্যমে ক্রেতার হাতে মহিষটি তুলে দেওয়া হয়। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা সামির। অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য থাকায় খামার মালিকের ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
জননিরাপত্তার স্বার্থে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0 Comments