‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রবিবার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড পরিদর্শনের মাধ্যমে চার দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সকাল ৯টার পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের মেয়াদে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। আজ ১০ মে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশের অতিরিক্ত আইজিগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারগণ এই বর্ণাঢ্য আয়োজন প্রত্যক্ষ করেন। আগামী চার দিন পুলিশের দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে।
রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনব্যাপী এই কর্মসূচিতে পুলিশের দক্ষতা বৃদ্ধি ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

0 Comments