আসামের রাজনীতিতে প্রত্যাশিতভাবেই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রোববার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে তাকে সর্বসম্মতভাবে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকের পর তিনি লোক ভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি তার আগামী দিনের লক্ষ্য স্পষ্ট করে বলেন, আগামী পাঁচ বছরে উন্নয়নের গতি আরও বাড়ানোই হবে সরকারের প্রধান কাজ। এবারের বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপি এককভাবে ৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এছাড়া জোট হিসেবে এনডিএ মোট ১০২টি আসন লাভ করেছে। জোটের শরিক দল আসাম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপল্স ফ্রন্ট ১০টি করে আসন পেয়ে জয়ের ভিত মজবুত করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে আসামে প্রথমবারের মতো এনডিএ ক্ষমতায় আসে। ২০২১ সালে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে হিমন্ত বিশ্ব শর্মার হাতে দায়িত্ব তুলে দেয় বিজেপি। ২০২৬ সালের এই নির্বাচনী ফলাফল প্রমাণ করেছে যে, পরীক্ষিত নেতৃত্বের ওপর ভরসা রাখা রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত ছিল। এখন হিমন্তের নতুন মেয়াদে উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা কতটা বজায় থাকে, সেটিই দেখার বিষয়।
আসামের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। এনডিএ জোটের নিরঙ্কুশ সমর্থনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

0 Comments