Recents in Beach

ব্রেকিং নিউজ

ঝুঁকিপূর্ণ ও ২৫ বছর ভবনহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঝুঁকিপূর্ণ ও ২৫ বছর ভবনহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঝুঁকিপূর্ণ ভবন এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়নি, সেসব বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে জরুরি নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা ওই চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ডিপিই বাস্তবায়ন করে থাকে। তবে অনেক বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও বর্তমানে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব ভবন অতি পুরোনো, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ভবনের কলাম, বীম বা ছাদে ফাটল দেখা দিয়েছে কিংবা প্লাস্টার খসে রড বেরিয়ে পড়েছে, সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কমিটি কর্তৃক অকেজো ঘোষিত ভবনগুলোও এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি যেসব বিদ্যালয়ে টিনশেড ঘর বা অস্থায়ী কক্ষ রয়েছে, সেগুলোও নতুন ভবন নির্মাণের জন্য বিবেচিত হবে।

অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী ২৪ মে-র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী জেলাভিত্তিক এসব তথ্য ই-মেইল এবং ডাকযোগে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট সকল বিভাগীয় উপপরিচালক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সংক্ষেপে:
ঝুঁকিপূর্ণ ও ২৫ বছর নতুন ভবন না হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৪ মে-র মধ্যে এই তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

Post a Comment

0 Comments