জ্যৈষ্ঠের প্রখর রোদে তীব্র গরমের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যার মধ্যে চট্টগ্রামসহ ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের ৭ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর। গত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জ্যৈষ্ঠের তীব্র গরমে ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। এর মধ্যেই চট্টগ্রামসহ ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0 Comments