পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার প্রশাসনিক ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে দীর্ঘদিনের ক্ষমতার হাতবদলের পর কলকাতা পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করা হয়েছে। এই ঘটনাটি বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় বর্তমানে তিনি বিধানসভার সদস্য নন। এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের অনুসারী তালিকায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম যুক্ত হয়েছে। এছাড়া তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল এক্স হ্যান্ডেলকেও রাখা হয়েছে।
নির্বাচনী ফলাফল প্রকাশের পর গত ৪ মে থেকে নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের ভারী ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তাও কিছুটা কমানো হয়েছে। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রটোকল অনুযায়ী তাঁদের প্রাপ্য নিরাপত্তা বজায় রাখা হবে। প্রশাসনের এই দ্রুত পরিবর্তন নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে একে প্রশাসনিক প্রোটোকল হিসেবে দেখলেও, একাংশ একে রাজনৈতিক প্রভাব হিসেবে বিবেচনা করছেন।
পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছে কলকাতা পুলিশ। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এখন অনুসরণ করছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন।

0 Comments