ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ত্রিশালকে একটি আদর্শ ‘ক্রীড়া নগরী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বর্তমান সরকারের খেলাধুলার প্রসারের লক্ষ্য বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
রবিবার (৩ মে) বিকেলে ত্রিশালের ঐতিহ্যবাহী সরকারি নজরুল একাডেমি মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা উপভোগ করার পর ডা. লিটন বলেন, আজকের এই খুদে খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তাদের সঠিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব।
নিজের নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করে সংসদ সদস্য আরও বলেন, খেলাধুলাকে গ্রাম পর্যায়ে জনপ্রিয় করতে এবং দক্ষ খেলোয়াড় তৈরির জন্য অবকাঠামো উন্নয়ন জরুরি। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে ত্রিশালকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া নগরী হিসেবে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিশালকে আদর্শ ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো হবে বলে জানান তিনি।

0 Comments