মিয়ানমারে আঘাত হানা ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। রবিবার (১১ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আব্দুর রহমান খান জানান, ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল মিয়ানমারে, যা চট্টগ্রাম থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত। চট্টগ্রামে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমারে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে মধ্যরাতে কেঁপে ওঠে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকা। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

0 Comments