Recents in Beach

ব্রেকিং নিউজ

রাজনৈতিক অস্থিরতা ও টিকাদানে ঘাটতি: বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে ১৬৬ শিশুর মৃত্যু

রাজনৈতিক অস্থিরতা ও টিকাদানে ঘাটতি: বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে ১৬৬ শিশুর মৃত্যু

বাংলাদেশে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্বখ্যাত ব্রিটিশ মেডিক্যাল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা দাবি করেছেন, রাজনৈতিক অস্থিরতা ও টিকাদান কর্মসূচির ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষক রুবহানা রকীব এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষক মাহমুদুর রহমানের যৌথ নিবন্ধে এই তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২৩ এপ্রিল পর্যন্ত দেশে ১৯ হাজারের বেশি হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী শিশু যারা টিকা নেয়নি। নিবন্ধে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট ও গণবিক্ষোভের ফলে নিয়মিত টিকাদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত প্রতি চার বছর অন্তর যে গণটিকাদান কর্মসূচি পালিত হয়, ২০২০ সালের পর তা আর অনুষ্ঠিত হয়নি।

গবেষকরা আরও জানান, স্বাস্থ্য খাতের শীর্ষ পদগুলো দীর্ঘ সময় শূন্য থাকা এবং প্রশাসনিক অদূরদর্শিতার কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। ২০২৫ সালে অর্ধেকের বেশি জেলায় স্বাস্থ্যকর্মীদের ৪৫ শতাংশ পদ শূন্য ছিল। এছাড়া তহবিল ছাড় ও ওষুধ কেনায় ধীরগতির কারণে টিকার মজুত ফুরিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এপ্রিলের শুরু থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে, যেখানে প্রথম ডোজ গ্রহণের বয়স কমিয়ে ছয় মাস করা হয়েছে। সংক্রমণ রোধে আইসোলেশন ওয়ার্ড ও নিবিড় পরিচর্যা কেন্দ্র চালুসহ নজরদারি জোরদার করা হয়েছে। গবেষকদের মতে, এই বিপর্যয় পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত নজরদারি ও দুর্গম এলাকায় টিকা পৌঁছানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সংক্ষেপে:
বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও টিকাদানে ঘাটতিকে এর কারণ হিসেবে দেখছেন গবেষকরা। ১৯ হাজার আক্রান্ত ও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ জরুরি।

সূত্র: প্রথম আলো

Post a Comment

0 Comments