মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের সরকার সোমবার নিশ্চিত করেছে যে, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি গুহাটির সবচেয়ে ভেতরের অংশে এই মরদেহগুলোর সন্ধান পান।
মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাম জানান, চারজনের মরদেহ গুহার বেশ গভীরে তৃতীয় অংশে পাওয়া গেছে, যা এই গুহাটির সবচেয়ে বড় অংশ। তাদের প্রায় একসঙ্গেই পাওয়া গেছে। এর আগে গুহার বাইরে থেকে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যিনি একজন ডাইভিং ইন্সট্রাক্টর ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই পাঁচজন ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার বা ১৬০ ফুট গভীর একটি গুহা অন্বেষণ করছিলেন। উল্লেখ্য, মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের সর্বোচ্চ অনুমোদিত সীমা ৩০ মিটার।
এর আগে উদ্ধার অভিযানে অংশ নিয়ে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পানির নিচে ডিকম্প্রেশন সিকনেস-এ আক্রান্ত হয়েছিলেন। বৈরি আবহাওয়ার কারণে বারবার উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও বর্তমানে মরদেহগুলো উপরে তুলে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যটকদের মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
মালদ্বীপে নিখোঁজের চার দিন পর গভীর সমুদ্রের গুহায় মিলল চার ইতালীয় পর্যটকের মরদেহ। ঝুঁকিপূর্ণ এই অভিযানে প্রাণ হারিয়েছেন এক স্থানীয় ডুবুরিও। উদ্ধার তৎপরতা ও ঘটনার বিস্তারিত জানতে পড়ুন।

0 Comments