পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় দেশজুড়ে ৭২০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে।
টিসিবি জানিয়েছে, এই বিশেষ বিক্রয় কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত টানা ১০ দিন চলবে, তবে শুক্রবার কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিদিন নির্দিষ্ট স্থানে ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তারা পণ্য কেনার সুযোগ পাবেন। একজন ভোক্তা প্রতি লিটার ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ঢাকা মহানগর ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগর ও জেলায় ২০টি, অন্যান্য বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাক বরাদ্দ করা হয়েছে। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন মানুষের কাছে পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পুরো ১০ দিনে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। উল্লেখ্য, কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকলেও এই ট্রাকসেল থেকে যেকোনো সাধারণ ভোক্তা পণ্য সংগ্রহ করতে পারবেন।
ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু হয়েছে। সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডাল কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। ২১ মে পর্যন্ত চলবে এই বিশেষ কার্যক্রম।

0 Comments