Recents in Beach

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগ ও যুবদলের বহিষ্কৃতরা পেলেন মনোনয়ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২ ইউনিয়নে জামায়াতের প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগ ও যুবদলের বহিষ্কৃতরা পেলেন মনোনয়ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এই তালিকায় বাঙ্গালা ইউনিয়নে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবু হানিফ এবং বড়পাঙ্গাসী ইউনিয়নে যুবদলের বহিষ্কৃত নেতা সাদ্দাম হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

জানা গেছে, আবু হানিফ বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, সাদ্দাম হোসেন বড়পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকেও বহিষ্কার করা হয়েছিল।

গত ২৩ মে জামায়াতে ইসলামীর এক সভায় উল্লাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সভার শুরুতে আবু হানিফ ও সাদ্দাম হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং এরপরই তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া উধুনিয়া ইউনিয়নে প্রিন্সিপাল মঞ্জিল ইসলাম এবং হাটিকুমরুল ইউনিয়নে মোস্তাফিজুর রহমান মুকুলকে প্রার্থী করা হয়েছে। তাদের বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য ও আঁতাতের অভিযোগ তুলে ফেসবুকে নানা সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আবু হানিফ জানান, আওয়ামী লীগ তাকে বহিষ্কার করার পর তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন এবং দল তাকে মনোনয়ন দিয়েছে। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আবু হানিফ ও সাদ্দাম হোসেন গত নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং বর্তমানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ায় তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ ও যুবদলের বহিষ্কৃত নেতাদের মনোনয়ন দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

Post a Comment

0 Comments