বান্দরবানের লামায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। রবিবার (২৪ মে) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম জামাল হোসেন (৬০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে বিকেল ৩টার দিকে যাত্রী নিয়ে সিএনজিটি লামার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ইয়াংছা বদুঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। তবে আহত অন্য পাঁচ যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবানের লামায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চকরিয়ার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। রবিবার বিকেলে ইয়াংছা বদুঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

0 Comments