চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদ বাণিজ্য, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ তুলে এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়নের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণার পরদিনই এই গণপদত্যাগের ঘটনা ঘটে। পদত্যাগকারী নেতাদের দাবি, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ উপার্জনের অভিযোগও তুলেছেন তারা।
পদত্যাগী দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ বলেন, দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা এই কমিটির পুনর্মূল্যায়ন চান এবং বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে জানাবেন। সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, আদর্শ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা থেকে তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা হতাশ।
পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস, যুগ্ম সদস্যসচিব মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ। এছাড়া সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামসহ নয়জন সহসাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যরাও পদত্যাগ করেছেন। পদত্যাগীরা জানিয়েছেন, তারা ভবিষ্যতেও জনস্বার্থ ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করে যাবেন।
পদ বাণিজ্য, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপির সদ্য ঘোষিত কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। ত্যাগীদের অবমূল্যায়নের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

0 Comments