Recents in Beach

ব্রেকিং নিউজ

স্থানীয় সরকার বিভাগে গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্থানীয় সরকার বিভাগে গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে সংঘটিত অনিয়ম বা দুর্নীতি খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এই কমিটিকে অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ১২ মে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা-১ অধিশাখার যুগ্ম সচিব মো. সামছুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ, মো. রবিউল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা, তাহমিনা আক্তার ও এ বি এম আরিফুল ইসলাম। কমিটিকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

তদন্তের আওতায় থাকা এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ সরকারের মেয়াদের পাশাপাশি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়িত উন্নয়নকাজ, অবকাঠামো নির্মাণ ও নাগরিকসেবায় কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বা অর্থ অপচয় হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, উন্নয়নের নামে কোনো লুটপাট হয়ে থাকলে তা কোনোভাবেই ধামাচাপা দেওয়া হবে না। জনগণের টাকার হিসাব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অনুসন্ধান কাউকে হয়রানির জন্য নয়, বরং স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনাই এর মূল লক্ষ্য। তথ্যপ্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংক্ষেপে:
স্থানীয় সরকার বিভাগে গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ের সব কার্যক্রম পর্যালোচনা করে প্রতিবেদন দেবে এই কমিটি।

Post a Comment

0 Comments