পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার হাটে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের ক্ষতিকর মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ের লতাপাতা খেয়ে বড় হওয়া এসব গরুর মাংস নিরাপদ ও সুস্বাদু হওয়ায় ক্রেতাদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ‘লাল বিরিষ’ জাতের পাহাড়ি গরুর জনপ্রিয়তা এখন তুঙ্গে।
বুধবার সকালে বাঘাইছড়ি হাট ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে ব্যাপারীরা পশু নিয়ে এসেছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গরু ঢাকা, চট্টগ্রাম, রাউজান ও হাটহাজারীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। তবে জমজমাট এই হাটে মলম পার্টির সক্রিয়তা ভাবিয়ে তুলেছে বিক্রেতাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, এক খামারি ৬৬ হাজার টাকায় গরু বিক্রি করার পর প্রতারক চক্রের খপ্পরে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার জানান, এই ঘটনার পর পশুর হাটে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে হাটের ইজারাদার সেলিম জাবেদ জানান, প্রচণ্ড রোদের কারণে পশু ও মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, তাই তিনি হাটটি আগের স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার গরুর সরবরাহ বেশি থাকলেও ক্রেতা সমাগম কিছুটা কম এবং দামও তুলনামূলক কম।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পাহাড়ি গরুর ব্যাপক চাহিদার পাশাপাশি হাটে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টি। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।

0 Comments