ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোর ৪টা থেকে মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে পেন্নাই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই স্থবিরতা চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রেকার দিয়ে এক ঘণ্টার মধ্যে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরবর্তীতে উল্টো পথে যানবাহন চলাচল শুরু করলে ঢাকা ও চট্টগ্রামগামী চার লেনেই যানজট ছড়িয়ে পড়ে।
বর্তমানে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে পেন্নাই পর্যন্ত চট্টগ্রামগামী দুই লেনে এবং ঢাকাগামী লেনেও তীব্র যানজট অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় বাসে বসে থেকে অসুস্থ বোধ করছেন অনেক যাত্রী। সাধারণ সময়ে যে পথ পাড়ি দিতে ৪৫ মিনিট লাগত, যানজটের কারণে সেখানে তিন ঘণ্টার বেশি সময় ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কাঁচপুরে ট্রাক উল্টে যাওয়ার পর উল্টো পথে গাড়ি চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

0 Comments