Recents in Beach

ব্রেকিং নিউজ

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিপীড়নের প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিলেন মামুনুল হক

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিপীড়নের প্রতিবাদে কাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন, উচ্ছেদ অভিযান ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। শনিবার (৯ মে) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদসহ বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ ও ঈদগাহে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একইভাবে আসামের বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও বসতবাড়ি ধ্বংসের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি সংখ্যালঘু মুসলমানদের জানমাল ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ, ওআইসি এবং বিশেষভাবে বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে মধ্যপ্রাচ্যের গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত এবং মসজিদুল আকসার মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানান। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের পক্ষে গণভোটের রায় কার্যকর করতে জেলা পর্যায়ে নাগরিক সমাবেশের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা শাহীনুর পাশা চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ভারতে মুসলিম নিপীড়ন ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন মাওলানা মামুনুল হক। পশ্চিমবঙ্গ ও আসামের ঘটনায় উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Post a Comment

0 Comments