Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু ৪০০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা

নাটোরে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু ৪০০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা

উত্তরাঞ্চলের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা নাটোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। গতকাল থেকে জেলার বিভিন্ন বাগানে গুটি ও বৈশাখী জাতের আম পাড়া শুরু করেছেন চাষিরা। অনুকূল আবহাওয়া ও বাম্পার ফলনের কারণে এবার জেলায় ৪০০ কোটি টাকার বেশি আম বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ ও বাগানমালিকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, এ বছর নাটোরে ৫ হাজার ৬৯৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৮ হাজার ৩১৬ মেট্রিক টন। গত বছর জেলায় প্রায় ৩৫০ কোটি টাকার আম কেনাবেচা হলেও এবার তা ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নিরাপদ ও রাসায়নিকমুক্ত আম নিশ্চিত করতে জেলা প্রশাসন আম সংগ্রহের একটি সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। সেই নির্দেশনা মেনেই আম নামাচ্ছেন চাষিরা। সময়সূচি অনুযায়ী, ২৫ মে গোপালভোগ, ৩০ মে ক্ষীরশাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১৫ জুন ল্যাংড়া ও আম্রপালি এবং ২০ জুলাই থেকে আশ্বিনা আম সংগ্রহ করা যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, নাটোরে আমের ফলন এবার বেশ ভালো এবং বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা রয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন জানান, ভোক্তারা যাতে নিরাপদ ও পরিপক্ব আম পান, সে জন্য সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং বিপণনে সব ধরনের সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

সংক্ষেপে:
নাটোরে শুরু হয়েছে আমের মৌসুম। এবার ৪০০ কোটি টাকার বেশি বাণিজ্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নিরাপদ আম নিশ্চিত করতে প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি মেনে আম সংগ্রহ করছেন চাষিরা।

Post a Comment

0 Comments