রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ির ওপর কালো কোট এবং আইনজীবীর গাউন পরে তিনি হাইকোর্ট চত্বরে উপস্থিত হন। জানা গেছে, উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে হাজির হন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে একাংশ আইনজীবী ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করলে আদালত চত্বর রণক্ষেত্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন থাকা পুলিশ সদস্যদের বেশ বেগ পেতে হয়। স্লোগান ও ভিড়ের ধাক্কায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বের করে নিতে রীতিমতো লড়াই করতে হয় নিরাপত্তারক্ষীদের।
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে তিনি পুনরায় আইন পেশায় ফিরবেন। এদিন চন্দ্রিমা ভট্টাচার্যসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে নিয়ে তিনি আদালতে প্রবেশ করেন। রাজনৈতিক মহলের মতে, পরাজয়কে চক্রান্ত হিসেবে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াই একটি নতুন কৌশল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় তার নেই এবং তিনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।
কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে তাকে লক্ষ্য করে স্লোগান ও বিশৃঙ্খলায় উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ।

0 Comments