দেশের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এই তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, দেশের মোট ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে। এসব মিল পুনরায় চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে এবং শ্রমিকদের কর্মসংস্থানও নিশ্চিত হবে। তিনি বলেন, মিলগুলো চালু করা গেলে সরকার ও সাধারণ মানুষ উভয়ই উপকৃত হবে এবং মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে।
শিল্পমন্ত্রী আরও উল্লেখ করেন, চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করার পাশাপাশি মিলগুলো যেন লাভজনকভাবে পরিচালিত হয়, সেদিকে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য মিলগুলোর সংস্কার, আধুনিকায়ন এবং বিকল্প ব্যবস্থার বিষয়গুলোও খতিয়ে দেখা হবে। তিনি পঞ্চগড় সুগার মিলকে স্থানীয় মানুষের আবেগের জায়গা হিসেবে অভিহিত করে বলেন, শিল্প-কারখানার সঙ্গে মানুষের জীবিকার গভীর সম্পর্ক রয়েছে।
বিএসএফআইসির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় বন্ধ চিনিকলগুলো দ্রুত চালুর দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মিলের শ্রমিক ও কর্মচারীরা।
দেশের বন্ধ থাকা ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। পঞ্চগড় সুগার মিল পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই পরিকল্পনার কথা জানান। এতে বাড়বে কর্মসংস্থান ও রাজস্ব।

0 Comments