চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী ও রাউজান উপজেলার সীমান্তবর্তী সিপাহির ঘাট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির কর্মীরা ডলফিনটির মরদেহ উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে গবেষক দল সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে।
উদ্ধারকৃত ডলফিনটির ওজন ৯১ কেজি এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ফুট। মরদেহ দেখে সংশ্লিষ্টরা ধারণা করছেন, অন্তত পাঁচ থেকে ছয় দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। দেহে পচন ধরায় সুরতহাল শেষে গবেষণার জন্য দাঁত সংগ্রহ করে সেটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। হালদা নদী সংশ্লিষ্ট গবেষণাপ্রতিষ্ঠান ও নৌ পুলিশের তথ্য অনুযায়ী, গত সাড়ে ছয় বছরে হালদা নদীতে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৪ মাসেই উদ্ধার করা হয়েছে ৬টি ডলফিনের মরদেহ।
হালদা নদী গবেষক ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনের এই মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। এভাবে চলতে থাকলে হালদা ডলফিনশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা নদীর প্রজনন ও প্রাকৃতিক পরিবেশের জন্য বড় হুমকি। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত এই অতি বিপন্ন প্রজাতির ডলফিন বিশ্বে মাত্র ১ হাজার ১০০টি রয়েছে, যার একটি বড় অংশ হালদা নদীতে বাস করে।
চট্টগ্রামের হালদা নদী থেকে ৯১ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গত সাড়ে ছয় বছরে এই নদীতে ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। অতি বিপন্ন এই প্রাণীর মৃত্যুতে হুমকির মুখে পড়ছে নদীর প্রাকৃতিক পরিবেশ।

0 Comments