ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামগ্রিক সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপস্থিত ছিলেন।
দেশের বর্তমান ফায়ার স্টেশনগুলোর সেবার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এই সংকট কাটাতে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলছে এবং নৌযান দুর্ঘটনা মোকাবিলায় ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফায়ার সার্ভিসের জনবল ও অবকাঠামোগত আমূল পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী জানান, সদস্য সংখ্যা ৩০ হাজারের অধিক করার জন্য অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
সেবাপ্রাপ্তি সহজ ও স্বচ্ছ করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। ফায়ার ফাইটারদের আবাসন সমস্যা দূরীকরণে মিরপুর ও সদরঘাটে বহুতল আবাসিক ভবন এবং সদর দপ্তর নির্মাণের কাজ চলছে। এছাড়া বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ প্রদানের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী পাসিং আউট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, যেখানে ২৩৪ জন নবীন সদস্য অংশ নেন। সবশেষে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৮৪ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে মর্যাদাপূর্ণ পদক তুলে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ৩০ হাজার জনবল নিয়োগ ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর পূর্বাচলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন।

0 Comments