টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। শুক্রবার (২২ মে) দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকা পরিদর্শন শেষে তিনি আগামী অর্থবছর থেকেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরে তারা নদীর তীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দুর্ভোগ লাঘবে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। টাঙ্গাইলের ভাঙন কবলিত এলাকা সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ আগামী অর্থবছরেই শুরু হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার কাজ করছে। নদীভাঙন কবলিত মানুষের দুর্ভোগ কমাতে সড়ক নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজও বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
টাঙ্গাইলে যমুনার ভাঙন রোধে ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আগামী অর্থবছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।
-6a102a37170dd.webp)

0 Comments