জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশে ধর্মীয় বিভাজনের কোনো সুযোগ নেই এবং এ দেশের প্রতিটি মানুষ সমান অধিকারসম্পন্ন নাগরিক। বৃহস্পতিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কেশবপুর এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার জানান, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও সম্পদের ওপর সবার সমান অধিকার রয়েছে। টিআর, কাবিখাসহ অন্যান্য সরকারি সহায়তা মসজিদ, মন্দির ও গির্জার জন্য সমানভাবে বণ্টন করা হবে। দেশে কোনো ধরনের ধর্মীয় বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রসঙ্গে কায়সার কামাল বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়া হবে। সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনুদান নিতে কাউকে কোনো ঘুষ দিতে হবে না। এছাড়া সুমেশ্বরী নদী শাসন ও হাওড় এলাকার দুর্ভোগ নিরসনে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে জরিপ সম্পন্ন হয়েছে এবং দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশে ধর্মীয় বিভাজনের সুযোগ নেই এবং প্রতিটি নাগরিক সমান অধিকারসম্পন্ন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনায় এক সভায় তিনি সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতার ওপর জোর দেন।

0 Comments