একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন দাম নির্ধারণের তথ্য জানায়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-র তথ্যমতে, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে অবস্থান করছে।
কমানোর একদিন পরই দেশের বাজারে বাড়ল সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। বাজুসের নতুন এই দর বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

0 Comments