ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন—জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। মিছিলটি পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহতদের দেখতে যান জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। তিনি এই হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতের ৫ নেতাকর্মী। সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 Comments